সড়ক দুর্ঘটনায় প্রস্তাবিত আইন শিথিল করার দাবিতে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে ট্যাংকলরি শ্রমিকরা। খুলনা বিভাগীয় ট্যাংকলরি মালিক-শ্রমিকদের চারটি সংগঠন রবিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার এ কর্মবিরতি পালনের কর্মসূচি আহবান করে।
সংগঠনগুলো হচ্ছে- বাংলাদেশ তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও পদ্মা মেঘনা যমুনা শ্রমিক কল্যাণ সমিতি।
এ কর্মবিরতি চলবে সোমবার সকাল ৮টা পর্যন্ত। কর্মবিরতির কারণে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ট্যাংকলরি চলাচল বন্ধ রয়েছে।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম বলেন, সড়কে চালকরা ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটায় না। দুর্ঘটনার জন্য অধিকাংশ রাস্তাঘাটের বেহাল দশা ও ভাঙাচোরা সড়ক দায়ী। পথচারীর অসতর্কতার জন্যও দুর্ঘটনা ঘটে। এর জন্য পথচারীসহ দেশের জনগণকে আরো সচেতন হতে হবে। প্রস্তাবিত আইন এখনই শিথিল করা সম্ভব। কালক্ষেপণ করলে তেল সেক্টরে চরম অসন্তোষ সৃষ্টি হবে।
ইত্তেফাক/কেকে/জেডএইচ