ফরিদপুরের সাথে সারাদেশের পরিবহন যোগাযোগ বন্ধ

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গাড়ি ভাঙচুরের ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে তৃতীয় দিনের মতো ফরিদপুর থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি ও শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। গত দুই দিন আন্ত:জেলার বাস চলাচলও বন্ধ রেখেছে শ্রমিক-মালিকরা। 
 
রবিবার ফরিদপুর পৌরবাস টার্মিনালে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাস না পেয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে রওনা দিয়েছেন। কাউকে আবার বাস ছাড়ার আশায় অপেক্ষা করতে দেখা গেছে।
 
যাত্রীরা বলছেন, সকাল থেকে বাসস্ট্যান্ডে এসে অপেক্ষ করছি ঢাকা বা অন্য জেলায় যাওয়ার কোনো উপায় পাচ্ছি না।
 
মাদারীপুর থেকে আসা রাজবাড়িগামী জুলেখা পারভীন নামের এক যাত্রী বলেন, অনেক কষ্টে মাদারীপুর থেকে ফরিদপুর এসেছি, কিন্তু এখন রাজবাড়ি যাওয়ার বাস বা অন্য কিছু পাচ্ছি না। কিভাবে যাবো বুঝতে পারছি না।
 
এদিকে ফরিদপুর বাস কাউন্টারের টিকেট বিক্রেতারা বলছেন, নিরাপত্তার কারণেই আমরা বাস ছাড়ছি না। 
 
ফরিদপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক ভূঁইয়া বলেন, শ্রমিকরা গাড়ি চালাচ্ছে না, তাছাড়া সরকার যে আইন করতে যাচ্ছে তাতে তো পরিবহন চালানো যাবে না। 
 
ইত্তেফাক/টিআইএইচ/জেডএইচ