বকশীগঞ্জ পৌর সড়কের বেহাল অবস্থা

সংস্কারের অভাবে বকশীগঞ্জ পৌর শহরের সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কশীগঞ্জের প্রবেশদ্বার হিসেবে পরিচিত জনগুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে।
 
বকশীগঞ্জ পৌর শহরের মিয়াপাড়া পোস্ট অফিস থেকে কসাইপট্টি হয়ে মানিক চেয়ারম্যানের বাড়ি হয়ে জামালপুর সিএনজি স্টেশন, উপজেলা মসজিদ হতে পশু সম্পদ অফিস পর্যন্ত, উপজেলা মসজিদ মোড় হতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের বাড়ি পর্যন্ত, বাজার বড় মসজিদ হতে সওদাগরপাড়া পর্যন্ত ও মালিবাগ মোড় হসে বাসটার্মিনাল পর্যন্ত সড়কগুলো যানবাহন ও পথচারি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বাসস্ট্যান্ড হতে মালিবাগ পর্যন্ত সড়কটি মরনফাঁদে পরিণত হয়েছে।
 
এই সড়কের পাশেই রয়েছে সরকারি বালিকা বিদ্যালয়, এই সড়ক ব্যবহার করেই বকশীগঞ্জ হাসপাতালে যেতে হয়। এই সড়ক ব্যবহার করেই জামালপুর জেলা ও শেরপুর জেলা থেকে প্রতিদিন কয়েকশত যানবাহন দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে।  ধানুয়া কামালপুর স্থল বন্দরের কয়েকশত যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। তাই সড়ক ও জনপথ বিভাগের বাসটার্মিনাল হতে মালিবাগ সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ।
 
মিয়াপাড়া পোস্ট অফিস থেকে কসাইপট্টি হয়ে মানিক চেয়ারম্যানের বাড়ি হয়ে জামালপুর সিএনজি সেষ্টশন পর্যন্ত সড়ক ও বাজার বড় মসজিদ হতে সওদাগরপাড়া পর্যন্ত এলজিইডির সড়কটি দেবে গিয়ে প্রায় ৮০ ভাগ অচল হয়ে পড়েছে। সড়ক ২টি সংস্কার করে যানবাহন ও জনসাধারনের চলাচলের উপযোগী করা হলে জনদুর্ভোগ অনেকাংশে কমে যাবে। এ ছাড়াও সড়ক ২টি বাইপাশ সড়ক হিসেবে ব্যবহার করা হলে শহরের যানজট হ্রাস পাবে।
 
উপজেলা মসজিদ মোড় হতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের বাড়ি পর্যন্ত এলজিইডির সড়ক ঘিরে বিগুল সংখ্যক আবাসিক এলাকা গড়ে উঠেছে। ঘনবসতি এলাকা হিসেবে পরিচিত সড়কটি সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে উপজেলা পরিষদে যাতায়াতে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা যাবে। তখন মেইন সড়কে যানবাহন চলাচলের হার কমে যাবে এবং সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে।
 
উপজেলা মসজিদ হতে পশু সম্পদ অফিস পর্যন্ত সড়কের দুই পাশে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি এলেই হাঁটু পানি জমে থাকে। ফলে এলজিইডির অফিস পাড়ার সড়ক হিসেবে পরিচিত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। 
 
আইনগত জটিলতার কারণে বকশীগঞ্জ পৌরসভার আংশিক নির্বাচন স্থগিত রয়েছে। তাই বকশীগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিকি। 
 
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিকি জানান, বাসস্ট্যান্ড হতে মালিবাগ সড়কটি ডবল ল্যান্ডের কাজের টেন্ডার হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে। অন্য সড়ক গুলোর সংস্কারের ব্যাপারে অর্থ বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে সংস্কার কাজ শুরু হবে। 
 
ইত্তেফাক/নূহু