চাঁপাইনবাবগঞ্জে দুই শিশু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ

চাঁপাইনবাবগঞ্জে দুই শিশু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মৃতদণ্ডপ্রাপ্ত লাকী খাতুন (২২) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি মহল্লার ইব্রাহিম আলীর স্ত্রী। আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করেন। 
 
এছাড়া আদালত আঙ্গারিয়াপাড়ার রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান পলাশকে (৩০) ৩ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় প্রদান করেন। 
 
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি নামোশংকরবাটী মহল্লার আব্দুল মালেকের মেয়ে মালিহা (৬) ও হুমায়ন কবীর বিশুর মেয়ে সুমাইয়া (৭) সকাল সাড়ে ৭টায় বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী ফতেপুর শিশুমনি বিদ্যানিকেতনে যায়। সকাল সাড়ে ১০ টায় স্কুল থেকে ফিরে আসে। বেলা ১১ টার দিকে তারা বাড়ির সামনে খেলছিল। এরপর থেকেই তারা নিখোঁজ হয়ে যায়। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত লাকি খাতুনের বাড়ির খাটের নিচ থেকে ওই দুই শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন সকালে লাকী খাতুন তাদের শ্বাসরোধ করে হত্যা করে।
 
ওই দুই শিশুর কাছে থাকা স্বর্ণের চেইন ও দুল আত্মসাত করতেই তাদের হত্যা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। ওই স্বর্ণালঙ্কার লাকী খাতুনের কাছ থেকে ক্রয় করেন মিজানুর রহমান পলাশ। এ ঘটনায় শিশু মালিহার পিতা আব্দুল মালেক বাদী হয়ে মামলা দায়ের করেন। 
 
সদর থানার পরিদর্শক চৌধুরী যোবায়ের আহমেদ ওই বছরের ৩০ এপ্রিল অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
 
ইত্তেফাক/নূহু