কুসিকের জামায়াত সমর্থিত কাউন্সিলর আটক

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর গোলাম কিবরিয়াকে আটক করা হয়েছে। রবিবার বিকালে তাকে নগরীর নিজ এলাকা থেকে পুলিশ আটক করে।
 
পুলিশ সূত্র জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে গোলাম কিবরিয়াকে আটক করা হয়েছে। তাকে আটকের পর পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় নেয়া হয়। তবে গোলাম কিবরিয়ার পরিবারের দাবি তার বিরুদ্ধে থাকা সবগুলো মামলাতেই তিনি জামিনে আছেন।
 
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল মামুন জানান, কাউন্সিলর গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
 
উল্লেখ্য, গত বছরের ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে ১নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী হন জামায়াত সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া। ওই বছরের ১১ মে শপথ গ্রহণের দিন ঢাকায় এলজিইডি ভবনের সামনে থেকে শপথ গ্রহণের আগে তাকে গ্রেফতার করা হয়েছিল।
 
ইত্তেফাক/আরকেজি