নারায়ণগঞ্জে কঠোর অবস্থানে পুলিশ

শিক্ষার্থীদের আন্দোলনে টনক নড়েছে পুলিশের। ট্রাফিক নিয়ন্ত্রণ করতে এবার রাস্তায় কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। প্রতিটি গাড়ির কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আনুষঙ্গিক কাগজপত্র যাচাই করছেন তারা। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে মামলা। শনিবার সন্ধ্যা পর্যন্ত অর্ধশতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশ সদস্যরা।
 
পুলিশ জানায়, রবিবার বিকেল থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত চলে পুলিশের এই অভিযান। এটি একটি চলমান প্রক্রিয়া এবং এবার কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন। এবার কোন ছাড় দেয়া হবে না।
 
রবিবার বিকেলে দেখা গেছে, চাষাড়ার বঙ্গবন্ধু সড়কে (বিবি রোড) ৮-১০ জন পুলিশ সদস্য ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এ সময় রাস্তায় চলমান সকল যানবাহন শৃঙ্খলার সঙ্গে চলাচল করছে। কোন অনিয়ম দেখা যায়নি। এদিকে চলছে লাইসেন্স, ফিটনেস ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই। কাগজপত্র না পাওয়া গেলে সঙ্গে সঙ্গে মামলা দেওয়া হচ্ছে।
 
নারায়ণগঞ্জ সদর থানার এসআই মো. সলিমুল হক ও আশেক ইমরান জানান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আসাদুজ্জামান মিয়ার নির্দেশে ট্রাফিক নিয়ন্ত্রণে সারাদেশে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। রাস্তা দিয়ে চলাচল করতে হলে মোটরযান আইনের সকল বিষয় মেনে তারপর রাস্তায় নামতে হবে। অন্যথায় কাউকে কোন ছাড় দেয়া হবে না। উপর মহলের তদবিরেও এবার কাজ হবে না।
 
প্রসঙ্গত, ৫ দিন যাবত নিরাপদ সড়কের দাবিতে নারায়ণগঞ্জের সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা প্রশাসনকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে কীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয়। শিক্ষার্থীদের তৎপরতায় কোন অনিয়ম করতে পারেনি পরিবহন চালকেরা। সকলে নিয়ম মেনে রাস্তায় চলাচল করেছে। কোমলমতি শিক্ষার্থীদের এই কাজ দেখে ঘুম ভেঙ্গেছে পুলিশ সদস্যদের। তাই এবার ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে পুলিশ।
 
ইত্তেফাক/বিএএফ