রাজারহাটে মালিকের হাতে শ্রমিক খুন

রাজারহাটে শ্রমিককে হত্যা করেছেন তারই মালিক। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। হত্যা ঘটনার পর থেকে ঘাতক ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। পুলিশ সোমবার ওই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে।
 
নিহত শ্রমিক অনন্ত রায় (২৪) উপজেলার চকিরপশার ইউনিয়নের রতিরাম কমলও ঝাঁ ফুলখাঁর চাকলা গ্রামের সুবল রায়ের ছেলে। তিনি উমর মজিদ ইউনিয়নের ঘুমারুভিমশীতলা রাজমাল্লীহাট গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে হারুন মিয়ার ট্রাক্টরে শ্রমিকের কাজ করতেন।
 
জানা যায়, রবিবার দুপুরে অনন্ত রায় বালুভর্তি ট্রাক্টর নিয়ে রাজমাল্লীহাট চিড়ামিল এলাকায় পৌঁছালে ট্রাক্টরের মালিক হারুন ও তার সহযোগিদের সঙ্গে বাকবিতণ্ডা বেঁধে যায়। একপর্যায়ে রেঞ্জ দিয়ে তার মাথার পেছনের দিকে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই অনন্ত মারা যান।
 
কৌশলে ওইদিন বিকালে অনন্তের লাশ একটি অ্যাম্বুলেন্সে করে তার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। হার্ট এ্যাটাক করে অনন্ত মারা গেছে বলে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে সটকে পড়ে অ্যাম্বুলেন্স চালক।
 
ঘটনার কিছুক্ষণ পর অনন্তের মাথার পেছন থেকে রক্তঝরতে দেখে পরিবারের লোকজন সন্দেহ হয়। রাতে বিষয়টি রাজারহাট থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সোমবার লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
 
রাজারহাট থানার ওসি মো. মোখলেসুর রহমান জানান, অনন্ত রায়ের হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। পুলিশ ঘাতকদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে। খুনি যেখানেই পালিয়ে থাক তাকে গ্রেফতার করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি