সাভারের আশুলিয়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজগর আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে অভিযুক্ত ধর্ষককে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে আশুলিয়ার দূর্গাপুর বেপারীপাড়া এলাকার আমির হোসেন বেপারীর ভাড়া বাড়িতে এ ধর্ষনের ঘটনা ঘটেছে।
আটক ধর্ষক আজগর আলীর বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি থানার নিশ্চিন্তপুর গ্রামে। সে আশুলিয়ার দূর্গাপুর বেপারীপাড়া এলাকার আমির হোসেন বেপারীর বাড়িতে ভাড়া থেকে ঝালমুড়ি বিক্রী করে জীবিকা নির্বাহ করত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে ঝালমুড়ি দেওয়ার কথা বলে ওই শিশুকে নিজ ঘরে ডেকে নেয় আজগর আলী। পরে তাকে জোরপূর্বক ধর্ষণকালে শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় শিশুটিকে ধর্ষনের অভিযোগে আজগর আলীকে আটক করে পুলিশে দেয় প্রতিবেশীরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) ফুল মিয়া খান বলেন, শিশুকে ধর্ষনের ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করে অভিযুক্ত আজগর আলীকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু