রাজশাহী গোদাগাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতক্ষদর্শীরা বলেন, সোমবার বিকাল ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সাহবদিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী থেকে ছেড়ে আসা চাঁপাইগামী একটি মালবাহী কাভার্ড ভ্যান রাজশাহীগামী মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানটি খাদে উল্টে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত মোটরসাইকেল আরোহী হলেন পুঠিয়া মধ্যপাড়ার সাইফুল ইসলামের ছেলে উজ্জল হোসেন (৩৫)।
এ ঘটনায় আহত হয় আরও দুইজন। তাদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জগামী কাভার্ড ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। মোটরসাইকেল আরহী নিহত হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ হস্থান্তর করা হয়েছে।
ইত্তেফাক/নূহু