মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কিম জং উনের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক হতে পারে। এমন আশা করছেন উত্তর কোরিয়ার কর্মকর্তারা। চলতি বছরেই দ্বিতীয় বৈঠকটি হতে পারে। সমপ্রতি উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। আর মার্কিন অবস্থানকে সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে পিয়ংইয়ং। খবর সিএনএন’র।
পিয়ংইয়ংয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে খবরে বলা হয়, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতা কিমের মধ্যে চিঠি চালাচালি হয়। এটা একটা ইতিবাচক দিক।
তারা জানিয়েছেন, বৈঠকের তারিখ এবং স্থান নির্ধারণ করা হয়নি। তবে চলতি বছরের শেষ দিকে বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ১২ জুন প্রেসিডেন্ট ট্রাম্প ও কিমের মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়।
তবে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। কারণ জাতিসংঘের এক গোপন প্রতিবেদনে জানানো হয়, কিম পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখার আহবান জানান। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের সমালোচনা করে এবং অবরোধ প্রত্যাহারের দাবি জানায়।
ইত্তেফাক/ জেআর