ভারত শাসিত কাশ্মীরের উত্তরাংশে সন্ত্রাসীদের সঙ্গে এক বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর ও তিন সেনা নিহত হয়েছেন। সন্ত্রাসীরা গুরেজ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল। এমতাবস্থায় সেনাবাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি হয়। খবর এনডিটিভি’র।
খবরে বলা হয়, সন্ত্রাসীদের অনুপ্রবেশ চেষ্টা নস্যাৎ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। তবে তাতে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন চারজন। এছাড়া ঘটনায় দুই সন্ত্রাসীও নিহত হয়েছেন।
সব মিলিয়ে মোট আটজন সন্ত্রাসী গুরেজের নিকটবর্তী লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে ভারতের সীমান্তে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছিল। তখন ভারতীয় সেনারা তাদের দেখে ফেললে, দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে। অবশিষ্ট সন্ত্রাসীদের ধরাশায়ী করতে সেনাবাহিনী অতিরিক্ত সেনা সদস্য মোতায়েনের আহবান জানিয়েছে।
ইত্তেফাক/ জেআর