লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

লক্ষ্মীপুরের রায়পুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 
 
আহত ব্যবসায়ীর নাম দুলাল মিয়া (৪৫)। তিনি উপজেলার মিতালি বাজারের ফল ব্যবসায়ী ও গাইয়ারচর গ্রামের দান মিয়ার ছেলে।
 
আহত দুলাল মিয়া জানান, সোমবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মিতালী বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তারা তার কাছে থাকা লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।তাদের চিনে ফেলায় নাছিরসহ তার লোকজন সকালে দুলাল মিয়ার বাড়িতে গিয়েও ভাঙচুর করে। 
 
অভিযুক্ত নাছিরসহ অন্যরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নাছিরের পরিবাদের দাবি দুলালের সাথে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। 
 
রায়পুর উপজেলার হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (ওসি) মাখন লাল বলেন, এ ঘটনায় এখনও কেউ পুলিশকে অবহিত করেনি। তবে নাছির ও দুলালের মধ্যে জমি নিয়ে একাধিক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এমআরএস/জেডএইচ/