আবার কমেডি ছবি করতে চান জন আব্রাহাম

গরম মসালা, দেশী বয়েজ কিংবা দোস্তানা’র মত জনপ্রিয় কমেডি ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন বলিউডের হিম্যান খ্যাত জন আব্রাহাম। গত কয়েকবছর ধরে অ্যাকশন ঘরানার ছবি নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। তবে এবার একটি শুদ্ধ কমেডি ছবিতে অভিনয় করতে চাইছেন এই বলিউড পাওয়ার হাউজ। 
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে জন আব্রাহাম বলেন, আমি যেন একটি কমেডি ছবি করার জন্য মরতে বসেছি। শিগগিরই আমি এ ব্যাপারে একটি ঘোষণা দিতে যাচ্ছি। 'ধামাল' আমার খুব প্রিয়। একটি নির্ভেজাল হাসির ছবি করতে চাই। আমি এটা করতে চাই, কেননা আমি ভালোবাসি এটা দেখতে যে দর্শকরা হাসছেন।
 
তিনি আরো বলেন, ‘আমি মনে করি, কাউকে আনন্দ দেওয়া বা হাসানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ।’
 
কমেডি ছবি 'গরম মশলা'য় অক্ষয় কুমারের সাথে কাজ করেছেন জন। ছবিটি তিনি এখনো দেখেন এবং হাসেন জানিয়ে এই অভিনেতা আরো বলেন, ছবিটি আমার খুব পছন্দ। আমার ইচ্ছে, আমরা দুজন মিলে এই ছবিটির আরেকটি পর্ব করি। আমি যতবার ছবিটি দেখি, ততবারই আমার এ কথাটি মনে হয়। আমি এর প্রযোজক রতন জৈন এর সাথে কথা বলেছি এবং তিনি এ ব্যাপারে সম্মতি জানিয়েছেন। 
 
‘যদি আমরা 'গরম মশলা' দ্বিতীয় পর্বটি করতে পারি, তবে সেটি আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে’, জনের মন্তব্য।
 
উল্লেখ্য, আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে বক্স অফিস লড়াইয়ে নামছে দুই তারকার দুই মেগা প্রজেক্ট। জন আব্রাহামের ‘সত্যমেব জয়তে’ আর অক্ষয় কুমারের স্পোর্টস ড্রামা ‘গোল্ড’। 
 
ইত্তেফাক/আরএ