নড়াইলে নিরাপদ সড়ক চাই আন্দোলনের নামে ফেসবুক ও ম্যাসেঞ্জারে বিভিন্ন গুজব ছড়ানো, জেলার বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।
গতকাল (৬ আগস্ট) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারায় চালান দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৭ আগস্ট) এই ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
আটককৃত শিক্ষার্থীরা হলেন, যশোরের কোতয়ালী থানার বসুন্দিয়া এলাকার মহিবুল্লাহ গালিব (২০), যশোরের চান্দুটিয়া এলাকার রাকিব হাসান (২২), নড়াইলের নড়াগাতি থানার টোনা গ্রামের মুন্সী সাবের আহম্মেদ (২১) ও মিলন মোল্যা (২০), নড়াগাতি থানার মাউলী গ্রামের রেজা শেখ মিলন (২১) ও কালিয়া উপজেলার চাঁদপুর এলাকার হাসান সরদার (১৯)।
আটককৃতরা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী। এদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম আরো জানান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পাশে সুলতান মঞ্চ এলাকায় বসে নিরাপদ সড়ক চাই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র করছিল এই ৬ শিক্ষার্থী। এছাড়া আটককৃতরা নিরাপদ সড়ক আন্দোলনের নামে ফেসবুক ও ম্যাসেঞ্জারে বিভিন্ন গুজব ছড়িয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ইত্তেফাক/নূহু