রাঙ্গাবালীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় খালাতো দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামে নানাবাড়ি বেড়াতে এসে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলো, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের রিয়াজ হাওলাদারের ছেলে হৃদয় (৪) ও একই জেলার রামগতির আলেকজান্ডার গ্রামের আশ্রাব হাওলাদারের মেয়ে আসমা (৫)।
 
নিহত দুই শিশুর পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে হৃদয় ও আসমা বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। পরিবারের লোকজন হঠাৎ না দেখতে পাওয়ায় বাড়ীর আশেপাশে খুঁজতে থাকে। এ সময় তারা বাড়ির সামনে পুকুরে দুইজনের ভাসমান লাশ দেখতে পায়। স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে লাশ দুইটি উদ্ধার করে তারা।
 
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, পানিতে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম।
 
ইত্তেফাক/নূহু