নরসিংদীর শিবপুরে নলকূপ চুরি দেখে ফেলায় মনোয়ার হোসেন (৬৫) নামের এক মুদি দোকান মালিককে হত্যা করা হয়েছে। গত রবিবার গভীর রাতে উপজেলার সৈয়দনগর কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ শফিকুল ইসলাম (১৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম, এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এসপি জানান, সম্প্রতি সৈয়দনগর কান্দাপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন তাঁর দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ শফিকুল ইসলামকে নলকূপ চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরে ফেলেন। তাকে বকাঝকা করে ছেড়ে দেন তিনি।
গত রবিবার রাতে মনোয়ার হোসেন তার মুদি দোকানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে শফিকুল ইসলাম তাকে ঘুম থেকে ডেকে তুলে দোকান থেকে বাইরে বের করে নিয়ে আসে। কোনও কিছু বুঝে ওঠার আগেই একটি রড দিয়ে মনোয়ারের মাথা, মুখ ও বাম চোখে গুরুতর আঘাত করে তাকে হত্যার পর পাশের পুকুরে ফেলে চলে যায়। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
ঘটনার পরদিন সোমবার নিহতের ছেলে খন্দকার মনির হোসেন বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে সন্দেহভাজন হিসেবে শফিকুলকে গ্রেফতার করে পুলিশ। সে হত্যার দায় স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে হত্যার আলামত হিসেবে রক্ত মাখা কাপড় ও হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) খায়রুল হাসান, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, উপপরিদর্শক (এসআই) জাকারিয়া রতন, গাজী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু