বাঁশখালীতে পেয়ারা খাওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের বাঁশখালীতে পেয়ারা খাওয়া বিষয় নিয়ে ছুরিকাঘাতে মোঃ আবুহান (২২) নামে এক যুবক খুন হয়েছে। বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকায় গত মঙ্গলবার সকাল ১০টায় পেয়ারা বাগান থেকে পেয়ার খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
 
ছুরিকাঘাতে আবুহান আহতের খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জরুরী বিভাগে মারা যায়।
 
আবুহানের নিহত হওয়ার সংবাদ পেয়ে গুনাগরী এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। বাঁশখালী থানা পুলিশ গুনাগরী এলাকায় টহলে রয়েছে। নিহত আবুহান কালীপুর ইউনিয়নের গুনাগরী গ্রামের মোজ্জাফর আহমদের (বদুর) ছেলে বলে জানা যায়। হত্যাকারী যুবলীগ নেতা মোঃ আক্কাস একই গ্রামের মুন্সি মিয়ার ছেলে।
 
সূত্র জানায়, সে প্রায় সময় নেশাগ্রস্ত থাকে। এ ব্যাপারে নিহতের পরিবার সূত্রে জানা যায়, এই ঘটনার বিষয়ে বাঁশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন হীরা বলেন, গুনাগরী গ্রামে ছুরিকাঘাতে যুবক খুনের খবর পেয়েছি। এলাকায় পুলিশ পাঠিয়েছি। খুনিকে গ্রেফতারের জন্য এলাকায় পুলিশ টহলে রয়েছে।
 
ইত্তেফাক/নূহু