বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণে মনিটরিংয়ের পরামর্শ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিল্ডিং কোড মেনে রাজধানীর বহুতল বিশিষ্ট ভবনগুলো নির্মিত হয়েছে কিনা তা মনিটরিং করে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
 
কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
 
সভায় কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধন চন্দ্র মজুমদার, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম সভায় অংশগ্রহণ করেন।
সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জন্য এমপি হোস্টেল নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
 
কমিটি ঢাকা শহরের বহুতল ও কর্মাশিয়াল ভবনগুলো নির্ধারিত বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়েছে কিনা তা মনিটরিং এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
 
সভায় জাতীয় সংসদ ভবনের মূল নকশা ঠিক রেখে ন্যাম ভবন থেকে সংসদ ভবন এলাকায় আন্ডারপাস নির্মাণ করার সুপারিশ করা হয়।
 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/কেকে