শরণখোলায় পুলিশভ্যানে বোমা হামলার ঘটনায় মামলা

বাগেরহাটের শরণখোলায় পুলিশভ্যান লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় উপজেলা বিএনপি ও জামায়াতের ৭ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। থানার এসআই মো. সাখায়েতুল ইসলাম বাদী হয়ে বুধবার শরণখোলা থানায় এ মামলা দায়ের করেন। 
 
শরণখোলা থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে পুলিশের একটি দল উপজেলার আমড়াগাছিয়া এলাকায় টহলরত ছিল। উপজেলার পশ্চিম বানিয়াখালী এলাকার আনোয়ার হাওলাদারের বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছালে পুলিশভ্যান লক্ষ্য করে দুর্বৃত্তরা একাধিক হাত বোমা নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে চারটি হাত উদ্ধার করে। পরে ওই এলাকা থেকে উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আল-আমিন খানকে (৩২) আটক করা হয়। 
 
মামলায় বিএনপি নেতা খান মতিয়ার রহমান (৬২), টিএম জসিম উদ্দিন জাফর (৫৮), মধু তালুকদার (৪০), নাজির কাজী (৪৫), মাদ্রাসা সুপার মাও. জয়নুল আবেদীন ও ছাত্রদল নেতা শাফিকুল ইসলামসহ (৩৮) অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি