অপহরণের ৫দিন পর যশোরের বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও জামদিয়া বাজারের সার ব্যবসায়ী তরিকুল ইসলামের (২৮) গুলিবিদ্ধ লাশ নড়াইলের দূর্বাজুড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তরিকুল যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া এলাকার মিজানুর রহমান বিশ্বাসের ছেলে। তরিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নড়াইল-যশোর সড়কের পাশে দূর্বাজুড়ি এলাকায় লাশ পড়ে থাকতে দেখে নড়াইল সদর থানা পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
এদিকে তরিকুলের চাচা ওমর আলী বিশ্বাস জানান, গত শুক্রবার সন্ধ্যার সময় সাদা পোশাকে পুলিশ পরিচয়ে জামদিয়া হাটখোলা বাজারে তরিকুলের সারের দোকান থেকে তাকে অপরহরণ করে। পরে বিষয়টি বাঘারপাড়া থানা পুলিশকে অবগত করা হয়।
তিনি বলেন, তরিকুল বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য।
নড়াইল সদর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নড়াইল-যশোর সড়কের দূর্বাজুড়ী এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/নূহু