চট্টগ্রাম রেল স্টেশনে ঈদের অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিনটিতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। বুধবার প্রথম দিনে বিক্রি হয়েছে ১৭ আগস্টের টিকেট। রাতভর লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর সকালে কাঙ্খিত টিকেট নিয়ে বাড়ি ফিরেছেন যাত্রীরা।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, টিকেট প্রত্যাশীদের ভিড় থাকলেও মোটামুটি সুশৃঙ্খলভাবে সকলে টিকেট সংগ্রহ করেছেন।
জানা গেছে, চট্টগ্রাম রেল স্টেশনের মোট ১০টি কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে আটটিতে আগাম টিকিট এবং দুইটিতে নিয়মিত ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট কালোবাজারি রোধে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
আগাম টিকিটের মধ্যে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের ৯টি আন্তঃনগর ট্রেন ও একটি এক্সপ্রেস ট্রেনের মোট ৬ হাজার ৯৭৫টি টিকিট রয়েছে। ট্রেনগুলো হচ্ছে-সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা নিশীথা, মহানগর, সোনার বাংলা, মেঘনা, পাহাড়ীকা, মহানগর গোধূলী, উদয়ন, চট্টলা ও বিজয়। এর মধ্যে কাউন্টারে বিক্রির জন্য রাখা হয়েছে ৪ হাজার ৯৮৯টি। অনলাইনে বিক্রি হচ্ছে ২৫ শতাংশ। ভিআইপি ও রেলওয়ের কর্মীদের জন্য ৫ শতাংশ করে মোট ১০ শতাংশ সংরক্ষিত রাখা হয়েছে।
বুধবার বিক্রি হয় ১৭ আগস্টের টিকেট। বৃহস্পতিবার থেকে আগামী ১২ আগস্ট রবিবার পর্যন্ত বিক্রি হবে ১৮ থেকে ২১ আগস্টের টিকেট। একজন সর্বোচ্চ ৪টি টিকেট কিনতে পারবেন। অন্য ট্রেনগুলোতে যাত্রার দিন আসনবিহীন টিকিট পাওয়ার সুযোগ থাকলেও সুবর্ণ ও সোনার বাংলা ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু হবে না বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
ইত্তেফাক/নূহু