চৌদ্দগ্রামে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত

সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ফারুক হোসেন (৩৫) নামে এক ইয়াবা সম্রাট নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার রামরায় গ্রামের মমতাজ উদ্দিন প্রকাশ মন্তু মিয়ার পুত্র। বুধবার সকালে র‌্যাব-১১ সিপিসি কোম্পানী-২ কুমিল্লার মেজর আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন ও ৫২৪ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  
 
র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি কোম্পানী-২ কুমিল্লার একটি দল বুধবার ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একদল মাদক ব্যবসায়ী র‌্যাবের ওপর হামলা চালায়। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালালে ফারুক হোসেন গুরুতর আহত হন। এ সময় তার সহযোগী মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের দুই সদস্যও আহত হন।
 
ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন ও ৫২৪ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে র‌্যাব সদস্যরা আহত মাদক ব্যবসায়ী ফারুককে উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখানে ময়নাতদন্ত শেষে দুপুরে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়। বাদ আসর নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 
 
পুলিশ জানিয়েছে ফারুক হোসেনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানাসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। ব্যক্তিগত জীবনে ফারুক এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
 
ইত্তেফাক/নূহু