নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সন্ত্রাসী-জঙ্গি গোষ্ঠী নিয়ে তারা মিটিং করেছে। তারা সাধারণ ছাত্রদের আন্দোলনের ওপর ভর করে ষড়যন্ত্রের হোলি খেলায় মেতে ওঠেছে। আমরা তাদের দমন করতে সমর্থ হয়েছি। এদের শুধু দমন নয়, নির্মূল করতে হবে।
বুধবার মহানগর নাট্যমঞ্চে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগরের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, খালেদা জিয়ার রায়ের পর আমরা দেখেছি, ড. কামালের বাড়ির বারান্দায় বিএনপি নেতারা ঘুর ঘুর করছে। তখনই বলেছি, ড. কামাল ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মেলাবেন, তাই হয়েছে। তিনি এখন শেখ হাসিনাকে হত্যাচেষ্টাকারী বিএনপি-জামায়াতের ভাষায় কথা বলেন।
ড. কামালের উদ্দেশে তিনি বলেন, পঁচাত্তরের পর যখন বিনা বিচারে শত শত মুক্তিযোদ্ধা অফিসারকে হত্যা করা হলো তখন তিনি কোথায় ছিলেন। ড. কামাল হোসেন মুক্তিযুদ্ধের কথা বলেন, অথচ যুদ্ধাপরাধীদের বিচারের সময় একদিনও ট্রাইব্যুনালে যাননি। দুর্নীতিবাজ তারেক রহমান যখন বিএনপির ভারপ্রাপ্ত প্রধান হলেন- কামাল হোসেন বললেন, এ বিষয়ে তার বক্তব্য নেই- জনগণ বিচার করবে।
খালিদ মাহমুদ আরো বলেন, যারা দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়, শেখ হাসিনাকে হত্যা করতে চায়, তাদের শুধু দমনই নয়, নির্মূল করতে হবে।
সংগঠনের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ