খুলনা জোনের নৌ-সদস্য হেলাল উদ্দিনের সঙ্গে চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টায় চরমানিকা নতুন বাজারের পাশে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে চরমানিকা ১নং ওয়ার্ড মেম্বার শাহজাহান বলেন, হেলাল ছুটিতে বাড়িতে আসে। ঘটনার সময়ে তিনি এক বন্ধুর জন্য ব্রিজের ওপর অপেক্ষা করছিলেন। ওই সময়ে সিভিলে থাকা ওসি হাবিব তাকে ইভটিজিং করার জন্য দাঁড়িয়েছে বলে তার জামার কলার ধরে চড় মারেন। তখন হেলালও তাকে চড় মারেন। এরপর দুজনের মধ্যে হাতাহাতি হয়।
স্থানীয়রা তাদের ছাড়িয়ে দিলে ওসি থানায় সংবাদ দেন। পরে পুলিশ এসে হেলালকে মারপিট করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে সমঝোতা হলে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাতাহাতির ঘটনা অস্বীকার করে বলেন, মোটরযান চেকিং করার সময় পুলিশ তাকে থানায় আনে নৌ-সদস্য পরিচয় দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
হাতাহাতির বিষয়ে নৌ-সদস্য হেলালের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।
ইত্তেফাক/নূহু