ঘুষ গ্রহণের অভিযোগে খুলনায় দুদকের মামলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারি প্রকৌশলী জিএম সলিমুল্লাহকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার খুলনায় বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।
দুদকের পিপি খন্দকার মজিবর রহমান জানান, জিএম সলিমুল্লাহ বর্তমানে খুলনার ফুলতলা উপজেলায় এলজিইডিতে কর্মরত। ২০১৪ সালে কয়রা উপজেলায় এলজিইডিতে থাকা অবস্থায় ঘুষ গ্রহণকালে দুদকের অভিযানে তিনি হাতেনাতে গ্রেফতার হন।
উক্ত ঘটনায় কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তার বিরুদ্ধে নিম্ন আদালতে প্রভাব বিস্তার করে মামলাটি খারিজ করানোর অভিযোগ ওঠে। এতে দুদক বিচারিক আদালতে রিভিশন মামলা দায়ের করে। ওই মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দিতে বিলম্ব করায় দুদক খুলনার সহকারী পরিচালক শামিম ইকবালকে বরখাস্ত করা হয়।
ইত্তেফাক/নূহু