চসিকের ৫’শ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা

চট্টগ্রাম নগরের হোল্ডিং ট্যাক্স ও এস্টেট শাখার অধীনে প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
 
বুধবার বিকেলে নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান রাজস্ব বিভাগের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
 
মুস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব বাড়ানোর লক্ষ্যে চসিকের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজস্ব আয় বাড়াতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।
 
তিনি আরো বলেন, বর্তমানে নগরে সরকারি হোল্ডিং সংখ্যা এক হাজার ৩৯৯টি, বন্দরে হোল্ডিং সংখ্যা একটি, বেসরকারি হোল্ডিং সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৮৪৮টি। আর মোট হোল্ডিং সংখ্যা এক লাখ ৮৫ হাজার ২৪৮টি। এসব হোল্ডিংয়ের প্রেক্ষিতে মোট দাবি ৩৩৫ কোটি ৪২ লাখ ৮২ হাজার ১ টাকা। দাবির প্রেক্ষিতে ২০১৮-১৯ অর্থবছরে নূন্যতম ২’শ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা রয়েছে।
 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর জোবাইদা নার্গিস খান, নিছার আহমেদ প্রমুখ। 
 
ইত্তেফাক/এএম/জেডএইচ