স্ক্রিপাল হামলার জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যে পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালের ওপর বিষাক্ত নার্ভ এজেন্ট দিয়ে হামলা চালানোর দায়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র হিদার নর্ট স্থানীয় সময় বুধবার একথা জানিয়েছেন।  খবর আল জাজিরার।
 
নর্টকে উদ্ধৃত করে খবরে বলা হয়, এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে যে, রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাসায়নিক বা জৈবিক অস্ত্রের ব্যবহার করেছে। 
 
নর্ট জানান, ২২ আগস্ট বা এর কাছাকাছি সময় থেকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। তবে কি ধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। 
 
মার্কিন টিভি চ্যানেল এনবিসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, নিষেধাজ্ঞাটি দুই ভাগে ভাগ করা থাকবে। প্রাথমিক নিষেধাজ্ঞায় সবচেয়ে বড় প্রভাব পড়বে রাশিয়ায় নিরাপত্তা বিষয়ক পণ্য রপ্তানির জন্য প্রয়োজনীয় লাইসেন্সের ওপর অবরোধ জারি। 
 
উল্লেখ্য, স্ক্রিপাল পরিবার হামলার জের ধরে ইতিমধ্যে কয়েক ডজন রুশ কূটনীতিক বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। 
 
গত মার্চে সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপাল একটি বিষাক্ত রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসেছিলেন। ওই বিষাক্ত রাসায়নিক পদার্থটিকে ‘নভিচক’ নামের একটি নার্ভ এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে যুক্তরাজ্যের সলসবেরির একটি পার্কে অচেতন অবস্থায় পাওয়া যায়।
 
যুক্তরাজ্য এই হামলার পেছনে রাশিয়া জড়িত আছে বলে অভিযোগ এনেছে। তবে রাশিয়া সকল অভিযোগ অস্বীকার করেছে। 
 
প্রসঙ্গত, নভিচক নার্ভ এজেন্টটির উৎপত্তিস্থল রাশিয়ায়। 
 
ইত্তেফাক/ জেআর