গর্ভপাত সমর্থনকারী বিল প্রত্যাখ্যান করলো আর্জেন্টিনার সিনেট

গর্ভপাত সমর্থনকারী একটি বিল প্রত্যাখ্যান করেছে আর্জেন্টিনার সিনেট। বিলটি পাস হলে, আর্জেন্টিনায় গর্ভাবস্থায় ১৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতের আইনী বৈধতা পেতেন নারীরা। খবর বার্তা সংস্থা বিবিসি’র।
 
খবরে বলা হয়,  প্রায় ১৫ ঘণ্টা ধরে ব্যাপক বিতর্কের পর এক ভোটাভুটিতে বিলটির বিপক্ষে ভোট দেন ৩৮ সিনেটর। অন্যদিকে এর পক্ষে ভোট দেন ৩১ জন। সাত ভোটের জন্য পাস হয়নি দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী বিলটি।
 
প্রত্যাখ্যান হওয়ায় আগামী এক বছর এই বিষয়ে আর কোন বিল সিনেটে উপস্থাপন করা যাবে না। এক বছর পর আইনপ্রণেতারা পুনরায় বিলটি পাসের উদ্দেশ্যে সিনেটে প্রস্তাব রাখতে পারবেন। 
 
প্রসঙ্গত, বর্তমানে আর্জেন্টিনায় গর্ভপাত অবৈধ। শুধুমাত্র ধর্ষণের ঘটনায় বা মায়ের জীবনের ঝুঁকি থাকলে গর্ভপাতের অনুমোদন দেওয়া হয়। 
 
দেশটিতে কয়েক বছর ধরেই গর্ভপাত বৈধ করা নিয়ে আন্দোলন চলছে। তবে এর বিরোধিতাও করেছেন অনেকে। পার্লামেন্টে ভোটাভুটির সময় বিলটির সমর্থক ও বিরোধীরা পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছিল।  
 
বিলটির নারী সমর্থকরা অভিযোগ করেছেন, গীর্জা থেকে আসা চাপের কারণেই বিলটি পাস হয়নি। এমন এক সমর্থক এনা কোরেয়া বলেন, সিনেটরদের ওপর গীর্জা থেকে চাপ দেওয়া হয়েছে।
 
উল্লেখ্য, আর্জেন্টিনা হচ্ছে পোপ ফ্রান্সিসের জন্মভূমি। 
 
ইত্তেফাক/ জেআর