গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কামরুন্নাহার বেগম (৩০) ও তার ১ বছরের শিশু সন্তান রাহী অগ্নিদগ্ধ হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলা পরিষদ ক্যাম্পাসের টগর ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টগর ভবনের ২য় তলায় বসবাসরত উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক রোকন দম্পতি বসবাস করছিল। বৃহস্পতিবার বেলা ১টার দিকে রোকনের স্ত্রী কামরুন্নাহার তার ১ বছরের শিশু সন্তান রাহীকে কোলে নিয়ে গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে কামরুন্নাহার ও তার শিশু সন্তান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত কামরুন্নাহার ও তার সন্তানকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/বিএএফ