শাহজালালে সোয়া ১২ কেজি সোনাসহ ভারতীয় নাগরিক আটক

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোয়া ১২ কেজি সোনাসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ (ডিসিএইচ)। ওই যাত্রীর নাম আরশাদ আয়াজ আহমেদ। বুধবার রাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে সোনাগুলো পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা। আটক আরশাদের বাড়ি ভারতের কলকাতায়।
 
ডিসিএইচ’র ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, ব্যাংকক থেকে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) ভারতীয় ওই নাগরিক ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক কর আরোপযোগ্য কোনো পণ্য আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে কোমরে সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২২টি সোনার বার পাওয়া যায়।
 
ইত্তেফাক/কেকে