মোরেলগঞ্জে ফের অজগর সাপ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে ২২ দিনের মাথায় আবারও ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। সাপটি বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সকালে উপজেলার পুটিখালী ইউনিয়নের মঙ্গলেরহাট গ্রাম বনবিভাগ অজগরটি উদ্ধার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, মঙ্গলেরহাট গ্রামের অমির হোসেনের বাড়ির একটি শিরিজ (রেন্ট্রি) গাছের ডালের সঙ্গে সাপটি ঝুলতে দেখে সুন্দরবনের গুলিশাখালী ফরেস্ট ক্যাম্পে সংবাদ দেয় এলাকাবাসী। বন বিভাগের সদস্যরা সাপটি উদ্ধার করে দুপুরে উপজেলা চত্তরে নিয়ে আসে।

অজগরটি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের বনরক্ষিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ব-সুন্দরবন বিভাগের আমরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের ওসি মনিরুল ইসলাম খান জানান, উদ্ধার অজগরটি বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

 

এর আগে ১৭ জুলাই উপজেলার চিপাবারইখালী গ্রাম থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

 

ইত্তেফাক/কেআই