বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজ শুক্রবার সকালে নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খানি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও মাজার জিয়ারত, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী। নড়াইলের জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন এসএম সুলতান কমপ্লেক্স ভবন ও শিশুস্বর্গে এসকল অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার সকালে নড়াইলের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এসএম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শিশুস্বর্গের সভাকক্ষে নড়াইলের জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শতাধিক শিশু প্রতিযোগী অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, বরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ইত্তেফাক/মোস্তাফিজ