নওগাঁয় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নওগাঁর রাণীনগরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার ঝিনা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা নিয়ে এলাকায় চলছে নানা রকম জল্পনা-কল্পনা।
 
মৃত দুজন হলেন- দিলবর রহমান (৬৫) এবং তার স্ত্রী জহুরা বিবি (৬০)।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে স্বামী দিলবর রহমান ও স্ত্রী জহুরা বিবি গোসল করে শয়ন ঘরে শুয়ে পরে। বিকেলে বাড়ির লোকজন তাদেরকে ডাকতে গেলে ঘর থেকে কোন শব্দ না পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। পরে স্বামী-স্ত্রীর মৃতদেহ পড়ে থাকাতে দেখে তারা পুলিশে খবর দেয়। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, ‘দিলবর রহমান এবং তার স্ত্রী জহুরা বিবির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এক দিকে যেমন তাদের অসুস্থতার কথা শোনা যাচ্ছে অন্যদিকে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
 
ইত্তেফাক/বিএএফ