বাঘায় এক ভাইয়ের হাসুয়ার কোপে আরেক ভাই নিহত

রাজশাহীর বাঘায় চাচাতো দুই ভাইয়ের সংঘর্ষে মিষ্টার নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের পর আহত অবস্থায় তাকে বাঘা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার রাত ৮টায় বাঘা হাসপাতাল থেকে রাজশাহীতে নেওয়ার পথে মারা যায় মিষ্টার। গুরুতর আহত হয়েছে অপর চাচাতো ভাই শামীম। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার গোরাঙ্গপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজন জানান, জমি সংক্রান্ত বিষয়ে মিষ্টারের মা ও বোনের সঙ্গে শামীমের বড় ভাই নজুর ঝগড়া বাঁধে। এ সময় মিষ্টার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে শামীমকে কুপিয়ে জখম করে। পরে পাল্টা আক্রমণ করে মিষ্টারকেও কুপিয়ে জখম করে শামীম ও তার ভাইয়েরা।

এ ঘটনায় আহত দুজনকে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে মারা যান মিষ্টার।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই টিপুসহ ওই ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু।

জরুরি বিভাগের চিকিৎসক ডা.কামরুন নাহার কান্তা জানান, শামীরের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলি কেটে পড়ে গেছে এবং ডান হাতের উপরে ও পেটে গুরুতর জখম হয়েছে। মিষ্টারের ডান পাসহ শরীরের বিভিন্ন জায়গায় কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। এ কারনে তাদের দুজনকেই রামেক হাসপাতারে রেফার করা হয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) হীরেন্দ্রনাথ জানান, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু