ঝিনাইদহে মিজানুর রহমান ( ৪০ ) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে শহরের বাসটার্মিনাল এলাকার শিশু হাসপাতালের সামনর একটি ফার্মেসীতে এ হত্যাকাণ্ড ঘটে। তিনি শৈলকুপা উপজেলার দীঘলগ্রামের মৃত মনোয়ার হোসেনের ছেলে।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, শিশু হাসপাতাল গেটে ফিরোজা ফার্মেসীর মালিক আমিরুল ইসলামের সঙ্গে নিহত মিজানুর রহমানের ব্যবসায়িক লেনদেন ছিল। শুক্রবার রাতে ফার্মেসী মালিক মিজানুর রহমানকে ফার্মেসীতে ডেকে নেয়। রাত সাড়ে ৯ টার দিকে সেখানে শোরগোল শুনতে পায় স্থানীয় ব্যবসায়ীরা। তারা দেখতে পায় ফার্মেসীতে তালা দিয়ে মালিক আমিরুল ইসলাম ছুরি হাতে দৌড়ে পালাচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফার্মেসীর তালা ভেঙ্গে ভিতর থেকে ব্যবসায়ী মিজানুর রহমানের লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্বজনদের ধারণা টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ অন্যান্য বিষয় গুলোও খতিয়ে দেখছে। নিহত মিজানুর রহমান একজন ভূষিমাল এবং জমি ব্যবসায়ী।
ইত্তেফাক/নূহু