আগামী ৭২ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

 
আগামী ২ থেকে তিনদিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আগামী ১৩ থেকে ১৪ আগস্ট সাগরে লঘুচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। তবে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
 
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
 
এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।
 
পূর্বাভাসে আরো বলা হয়, মৌসুমি অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা,উত্তর প্রদেশ,বিহার, পশ্চিম-বঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে হালকা থেকে মাঝারী অবস্থায় রয়েছে।
 
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ