ভূমিধসের শঙ্কা, নিরাপদে সরছে রোহিঙ্গারা

চলতি বর্ষা মৌসুমে কক্সবাজার এলাকায় কয়েক বছরের মধ্যে প্রবল বৃষ্টিপাতের কারণে জাতিসংঘ শরণার্থী সংস্থা বাংলাদেশ সরকার ও সহযোগীদের সঙ্গে নিয়ে ভূমি ধসও বন্যার ঝুঁকিতে থাকা হাজার হাজার রোহিঙ্গা পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া শুরু করেছে।

ইউএনএইচসিআর মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার বলেন,এ পর্যন্ত সরিয়ে নেয়া সবচেয়ে বেশী প্রয়োজন এমন আনুমানিক ৪১ হাজার রোহিঙ্গার অর্ধেকের বেশী প্রায় ২৪ হাজার শরণার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আজ জেনেভায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১১ মে থেকে এ পর্যন্ত আনুমানিক ৪৯ হাজার শরণার্থী বিরূপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ২৫ হাজারের বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবল বাতাস ও ঝড়ে। ১৫ হাজারেরও বেশী ভূমিধসে, ৫ হাজার ৪শ’ বন্যায়। এ ছাড়া জলাবদ্ধতা ও অগ্নিকান্ডে তিন হাজারের বেশী রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
IMG0
এর পাশাপাশি এই বিশাল শরণার্থী বসতির মানুষগুলো যাতে বিরূপ আবহাওয়া মোকাবেলা করতে পারে তার জন্য নিবিড় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর এই বিশাল বসতির কারণে খুবই বড় পরিসরে কাজ করতে হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির প্রায় ১৩ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বর্তমানে এটিই বিশ্বে এ ধরনের সবচেয়ে বড় বসতি। এখানে ৬ লাখেরও বেশী রোহিঙ্গা শরনার্থী বসবাস করছে।

ইত্তেফাক/টিএস