কারিগরি ত্রুটিতে ঈদে লোডশেডিং নয়, ডিজিএম সম্মেলনে চেয়ারম্যান

আসন্ন ঈদ-উল-আযহায় গ্রামেগঞ্জে বিদ্যুতের চাহিদা বাড়বে। ওই সময় কারিগরি ত্রুটির কারণে যেন লোডশেডিং না হয়, এ লক্ষ্যে দেশের সকল পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। 
 
শনিবার রাজধানীতে আরইবির প্রধান কার্যালয়ে সমিতিগুলোর (পবিস) ডিজিএম সম্মেলনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন এ নির্দেশনা দেন। ‘হয়রানিমুক্ত বিদ্যুতের অঙ্গীকার’ স্লোগান ধারণ করে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮০টি পবিসের তিনশ’র বেশী উপ-মহাব্যবস্থাপক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীরা এতে উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরইবির চেয়ারম্যান বলেন, ঈদ-উল-আযহা আসছে। এ সময় চাহিদা বাড়ে। শতভাগ পরিবারকে বিদ্যুৎ সেবার আওতায় আনা আমাদের লক্ষ্য। তাই গ্রাহককে দ্রুত সংযোগ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে। এ জন্য লাইনম্যান এবং ওয়্যারিং ইন্সপেক্টরদের সচেতন করে তুলতে হবে। সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্র সার্বক্ষণিক সচল রাখতে হবে। 
 
তিনি বলেন, সরকার পল্লী বিদ্যুতে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার কারণে মালামালের কোন ঘাটতি নেই। যে সব জায়গায় লাইন নির্মাণ করা হয়েছে সেখানে দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে হবে। বেশ কয়েকটি সমিতিতে সিস্টেম লস বেড়েছে। সিস্টেম লস এক অংকে নামিয়ে আনতে হবে। সিস্টেম আপগ্রেডেশনের জন্য সবাইকে নিষ্ঠা ও সততার সঙ্গে একযোগে কাজ করতে হবে।
 
মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন বলেন, বিদ্যুৎ বিলের এসএমএস সংক্রান্ত সমস্যা দ্রুত নিষ্পত্তি করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। বিদ্যুৎ সংযোগ কিংবা বিল- কোনটি নিয়েই গ্রাহককে ভোগান্তিতে ফেলা যাবে না। 
 
সম্মেলনে আরইবির সদস্য (অর্থ) মো. জয়নাল আবেদীন, সদস্য (ডিএন্ডডি) মো. মোস্তফা কামাল, সদস্য (পিএন্ডডি) মু. আবদুস সালাম এবং সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মো. মাহবুবুল বাশার উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/এমআই