উপজেলার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগরে ষাঁড়ের আঘাতে আক্তার হোসেন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন ভাঙ্গুড়া উপজেলার মণ্ডতোষ ইউনিয়নের মুল্লিকচক গ্রামের মৃত ইনাম প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মধুরগাঁতি গ্রামের আব্দুল মমিনের একটি ষাঁড় গরু বিক্রির জন্য হাটে তোলা হয়। গরুটি ছুটে লোকজনের মধ্যে দৌড়াতে থাকে। এ সময় বেইলি ব্রিজের উপর দিয়ে হাঁটে যাচ্ছিলেন আত্তার হোসেন। ষাঁড়টি তাকে শিং দিয়ে আঘাত করে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। সেই সঙ্গে গরুটিও পড়ে যায় নিচে।
গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রহিম বলেন, ঘটনার পর ঘাতক ষাঁড়কে আহত অবস্থায় আটকে রাখা হয়েছে।
ওসি শেখ শাহীন কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরে ষাঁড়টিকে বিক্রির অনুমতি দেয়া হয়েছে।
ইত্তেফাক/আরকেজি