সিলেটে মেয়রের বিজয় মিছিলে ছাত্রদলের সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর কুমারপাড়া মালঞ্চ কমিউনিটি সেন্টারের সম্মুখে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় ফয়জুর রহমান রাজু (২৭) নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রাজু মহানগর ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক। এ ঘটনায় আহত হয়েছেন ছাত্রদল কর্মী উজ্জ্বলসহ(২৬) তিনজন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাজু ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য আবদুর রকিবের গ্রুপের সদস্য ছিলেন এক সময়। সিলেটে ছাত্রদলের কমিটি ঘোষণা নিয়ে ছাত্রদলের মধ্যে বিবেধ দেখা দিলে রাজু রকিব গ্রুপ ত্যাগ করে বিদ্রোহী হয়। সূত্র জানায়, রকিব গ্রুপের গুলিতে রাজু নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আরিফুল হক চৌধুরীকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করেন সিলেটের রিটার্নিং অফিসার মো: আলীমুজ্জামান। এরপর ছাত্রদলের নেতা-কর্মীরা বিজয় মিছিল নিয়ে আরিফের বাসার সামনে আসেন। এ সময় ছাত্রদলের বিবদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফারুক আহমদ জানান, আহত ছাত্রদল কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মালঞ্চ কমিউনিটি সেন্টারের সম্মুখে রক্তের ছোপ ছোপ দাগ দেখতে পেয়েছেন।  সেখানে ঐ সময় গোলাগুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পড়ে আছে বলে জানান এক প্রত্যক্ষদর্শী। পুলিশ আসামিদের ধরতে মাঠে নেমেছে।

ইত্তেফাক/নূহু