দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। মাত্র কয়েক বছরে উন্নয়নের মাধ্যমে তিনি পুরো বাংলাদেশের চেহারাই বদলে দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমনে সাফল্য এবং আর্থ-সামাজিক উন্নয়ন ইতিহাসের বিরল ঘটনা। জঙ্গি দমন, মাদক প্রতিরোধ এবং দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে আবারও সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকায়  ভোট দিতে হবে। গতকাল শনিবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ ?উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ জিততে পারবে না— এটা যদি কেউ ভেবে থাকে তবে সেটা ভুল ধারণা। তিনি বলেন, কেউ নির্বাচনে আসুক বা না আসুক আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।  নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে এবং বরাবরের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। কারণ আওয়ামী লীগের সাথে আছে জনগণ, আর জনগণ বুঝে গেছে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। দেশের জনগণ এখন আর কোনো হানাহানি কিংবা প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না, আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না, কোনো নির্দিষ্ট ভবন কেন্দ্রীক শোষণ-শাসন চায় না।

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম হামিদ এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/নূহু