আগাছানাশক ব্যবহারে ক্যান্সার: যুক্তরাষ্ট্রের মনসান্টো কোম্পানিকে ২৯ কোটি ডলার জরিমানা

 
আগাছানাশক রাসায়নিক ব্যবহারে এক ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হওয়ার মামলায় মার্কিন বহুজাতিক কৃষি ও রাসায়নিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মনসান্টোকে প্রায় ২৯ কোটি ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বালাইনাশক ও আগাছানাশকে ব্যবহৃত গ্লাইফসেটের কারণে ক্যান্সার ঝুঁকির বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হলেও এই প্রথম কোনো জরিমানার রায় এসেছে।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন ডোয়েইন জনসন নামের এক মাঠকর্মী। ২০১৪ সালে ডোয়েইন জনসনের নন-হজকিন্স লিমফোমা (এক ধরনের ক্যান্সার) শনাক্ত হয়। তার আইনজীবী দাবি করেন তিনি ক্যালিফোর্নিয়ার বেনিসিয়া স্কুলে কাজ করার সময় নিয়মিত আগাছানাশক ব্যবহার করতেন। ক্যালিফোর্নিয়ার একটি আদালতের জুরিরা বলেছেন, মনসান্টোর বালাইনাশক রাউন্ডআপ ও রেঞ্জারপ্রোতে থাকা গ্লাইফসেট যে ক্যান্সারের ঝুঁকি তৈরি করে এ ব্যাপারে তারা ক্রেতাদের সতর্ক করেনি। এ কারণে তাদের এ জরিমানা দিতে হবে। তবে মনসান্টোর বলে আসছে, ওই ব্যক্তির ক্যান্সারের জন্য বালাইনাশকের গ্লাইফসেট দায়ী নয়। এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
 
যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে মনসান্টোর বিরুদ্ধে অন্তত পাঁচ হাজার মানুষের করা একই ধরনের মামলা বিচারাধীন। ক্যালিফোর্নিয়ার রায় মনসান্টোর বিরুদ্ধে যাওয়ায় অন্য মামলাগুলোতেও একই ধরনের রায় দেখা যেতে পারে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ