পার্লামেন্টে হিটলারের বেশে মোদির বিরুদ্ধে প্রতিবাদ ভারতীয় এমপি’র

ভারতে প্রধানমন্ত্রী ‘প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন’ অভিযোগে হিটলারের বেশে পার্লামেন্টে ঢুকে প্রতিবাদ জানিয়েছেন এক এমপি। তবে এটিই প্রথম নয়। পার্লামেন্ট চত্বরে এর আগেও বরাবরই নানা ভূমিকায় দেখা গেছে এই এমপি’কে। তিনি হচ্ছেন, অন্ধ্র প্রদেশের ক্ষমতাসীন তেলেগু দেশম পার্টির (টিডিপি) সাংসদ নরমালি শিবপ্রসাদ। খবর বিবিসির। 
 
আদতে তিনি ছিলেন অভিনেতা। তবে, রাজনীতিবিদ হিসাবেও বেশ জনপ্রিয়। নিজের ক্ষমতাকে হাতিয়ার করে বারবার তাতে শান দিচ্ছেন তিনি।  নিছক মজা করার জন্যই বহুরূপ নয় তার। এটি তার প্রতিবাদেরও ভাষা। অন্ধ্র প্রদেশের ‘বিশেষ মর্যাদা’র দাবিতে এবার তিনি এভাবেই কেন্দ্রীয় সরকারের নজর কাড়ার চেষ্টা নেন।
 
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। মাছি গোঁফ, স্বস্তিক চিহ্নের পোশাকে শিবপ্রসাদ পার্লামেন্টে ঢুকে পড়ায় প্রথমটায় সবাই হতভম্ব হয়ে যায়। এ কে ঢুকছেন সংসদে! ইনি তো হিটলার! একটু পরই কেটে যায় ভ্রান্তি; না ইনি হিটলার নন, বরং হিটলারের বেশে তিনি আদতে টিডিপি এমপি শিবপ্রসাদ।
 
শিবপ্রসাদকে এর আগে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন চরিত্রে দেখা গেছে। কখনো সুফি, কখনো কৃষ্ণ, কখনো যাজক এমনকি পরিচ্ছন্নকর্মীর বেশে এর আগে দেখা গেছে তাকে। আবার নারী সংরক্ষণ বিল উত্থাপনের সময় নারীর বেশেও তাকে দেখা গেছে। তবে বিদেশি চরিত্রে এবারই প্রথম দেখা গেল শিবপ্রসাদকে। 
 
তার এ বহুরূপের ব্যাখ্যায় বিবিসি তেলেগু সার্ভিসে শিবপ্রসাদ বলেন, “আমি যা করছি তাতে দ্রুত মানুষের মনোযোগ আকৃষ্ট হবে। এতে মানুষ বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করবে।”
 
হিটলারের বেশ বেছে নিলেন কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার সবকিছু করার পেছনেই একটি যুক্তি আছে। হিটলার কখনো কারো পরামর্শ নেননি। জনকল্যাণের জন্যও কাজ করেননি। আর এখন মোদীও সেই একই কাজ করছেন। ২০১৪ সালে যে আশা-আকাঙ্ক্ষার মধ্য দিয়ে মোদী নির্বাচনে জিতেছিলেন তার সরকার এখন তা পূরণ করছে না।” 
 
ইত্তেফাক/ জেআর