শ্রীলংকায় মধ্যরাত থেকে জরুরি অবস্থা

সোমবার মধ্যরাত থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হবে বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে শর্তাধীন জরুরি অবস্থা জারি হতে পারে।’

জরুরি অবস্থা কেবল সন্ত্রাসীদেরকেই টার্গেট করবে এবং মত প্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে না বলেও আশ্বস্ত করা হয় বিজ্ঞপ্তিতে।

শ্রীলংকা সরকার ঘোষিত মঙ্গলবারের রাষ্ট্রীয় শোক দিবসের আগে এমন সিদ্ধান্তের কথা জানানো হলো। ধারণা করা হচ্ছে, জরুরি অবস্থার মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে শ্রীলঙ্কান সামরিক বাহিনী।

এ হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২৯০ জন নিহত হওয়ার খবর জানা গেছে। হামলায় আহত হয়েছে আরো পাঁচ শতাধিক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবারের হামলাটি কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় চালানো হয়। এছাড়া দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারি হোটেলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথম বিস্ফোরণটি কলম্বোর সেন্ট এন্থনি চার্চ ও কাতুয়াপিটিয়ার সেন্ট সেবাস্থিয়ান চার্চে ঘটে।

আরও পড়ুনঃ সন্দেহের তির শ্রীলঙ্কার তৌহিদ জামাতের দিকে

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তি রোববারের এই হামলার দায় স্বীকার করেনি। আত্মঘাতী বোমারুরা হামলাটি চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

ইত্তেফাক/টিএস