হাসিতে সব সময় ভরে থাকে মুখটি। নির্বাক শিশুটি কেবলমাত্র নিজের নাম মামুনসহ মা-বাবা ও জেলার নাম কোনরকম বলতে পরে। একমাসেরও বেশি সময় ধরে শিশুটি রয়েছে যশোরের একটি বেসরকারি সংস্থার হেফাজতে।
গত জুলাইয়ের ৪ তারিখে ৫বছর বয়সী এই শিশুটিকে উদ্ধার করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। পরদিন এ খবর পেয়ে বেসরকারি সংস্থা রাইটস শিশুটিকে তাদের জিম্মায় নিয়ে আসে। পরে শিশুটিকে রাখা হয় ঢাকা আহসানিয়া মিশনের যশোরস্থ ভেকুটিয়া শেল্টারহোমে। শিশুটি বাক ও মানসিক প্রতিবন্ধী।
শিশুটি তার নাম ‘মামুন’ বলতে পারে। তার মায়ের নাম একবার বলেছে সুখজান, আরেকবার শাহিদা। বাবার নাম আবু জাফর। বাড়ি কোথায় ? সাতক্ষীরায়। অস্পষ্ট ভাঙ্গা ভাঙ্গা স্বরে এই শব্দগুলিই বলতে পারে মামুন।
রোববার সকালে রাইটস যশোরের ডিসট্রিক্ট ফ্যাসিলিটেটর রুহুল কুদ্দুস শিশুটিকে নিয়ে এসেছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবে। তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন সাংবাদিকরা। কিন্তু মামুন কেবলমাত্র মা-বাবা জেলা আর নিজের নাম খণ্ডিতভাবে বলতে পারে।
শিশুটির অভিভাবক কে? কোথায় তার বাড়ি? তা জানতে বিভিন্নস্থানে খবর পাঠানো হয়েছে। ফেসবুকেও চলছে মামুন পরিচিতি জানার আহ্বান। তার পরিচয় জানানোর জন্য রাইটস যশোর এর ০১৭৩৫৩৫০৯০০ অথবা সাতক্ষীরা প্রেসক্লাবের নম্বর ০১৭১১১৭০১২৩ এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ