সাঁথিয়ায় নকল যৌন উত্তেজক পানীয় কারখানার সন্ধান

সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধিন বনগ্রামে শনিবার বিকালে নকল পানীয় কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
 
তারা হলেন- বনগ্রামের নুর হোসেনের ছেলে কাওছার (৩৮), রঘুনাথপুর গ্রামের আ. রাজ্জাকের রানা (২৬) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে খোকা (৪৫)।
 
আতাইকুলা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার আতাইকুলা থানার বনগ্রামের মাস্টার পাড়ার নুর হোসেনের ছেলে কাওছারের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তারা দেখতে পারে নোংরা বালতি ও নোংরা পরিবেশে অপরিষ্কার পানিতে রং মিশিয়ে যৌন উত্তেজক পাউডার দিয়ে তৈরি হচ্ছে নকল পানীয় টাইগার ও ডাবল হর্স।
 
পুলিশ এসময় প্রচুর পরিমান যৌন উত্তেজক পানীয়, পানীয় তৈরির যন্ত্রপাতি ও কাঁচামালসহ বোতল জাত নকল টাইগার ও ডাবল হর্স জব্দ করে। নকল যৌন উত্তেজক পানীয় তৈরির অপরাধে ঘটনাস্থল থেকে পুলিশ ৩ জনকে আটক করে।
 
আতাইকুলা থানার ওসি মাসুদ রানা জানান, আটককৃতরা বেশ কিছু দিন ধরে জীবন ধ্বংসকারী নকল কোমল পানীয় তৈরি করে বাজার জাত করছিল। তাদের আটক করে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি