গাংনীতে পানিতে ডুবে ব্যবসায়ীর মৃত্যু

গাংনীতে পুকুরে গোসল করতে গিয়ে সোহেল রানা (২৮) নামের এক মিষ্টি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি বামন্দী বাজার সংলগ্ন কাউন্সিল পাড়ার আকরাম হোসেনের ছেলে।
 
শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বামুন্দী পুলিশ ক্যাম্পের পাশে জনৈক আব্দুর রাজ্জাকের পুকুরে তিনি গোসল করতে গিয়ে নিখোঁজ হন। মধ্য রাতে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
 
স্থানীয়রা জানান, সোহেল মিষ্টি ব্যবসা শেষে রাতে বাড়ি ফিরে পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন পুকুরে খুঁজতে যান। এসময় তাকে খুঁজে না পাওয়া গেলেও তার পোশাক ও পায়ের স্যান্ডেল পাওয়া যায় পুকুর পাড়ে।
 
এদিকে স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় ওই পুকুরে সোহেলকে খুঁজতে তল্লাশি করেও না পেয়ে পরে ফায়ার সার্ভিস কর্মীদের সংবাদ দেয়া হলে মধ্যে রাতে লাশ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি