ট্রাফিক সপ্তাহের সাতদিনে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে ২১৭৯টি যানবাহনের মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭২টি যানবাহন আটক করেছে পুলিশ। বরিবার বিকেলে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সপ্তাহব্যাপী মামলা দেওয়া যানবাহনের মধ্যে মোটরসাইকেল ১২৬০টি, যাত্রীবাহী বাস ২৯১টি, পণ্যবাহী ট্রাক ৩৫৪টি এবং পিকআপের সংখ্যা ১৯৭টি। এছাড়া বেশ কিছু প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, ট্রাফিক সপ্তাহের পরেও একইভাবে এ অভিযান চলমান থাকবে। আটক যানবাহনগুলোর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো মালিকদের কাছে দিয়ে দেওয়া হবে।
ইত্তেফাক/বিএএফ