পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ কবরস্থান থেকে দাফনের ৫ দিন পর আরব বাবু (১৯ মাস) নামের এক শিশুর লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে রবিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলামের উপস্থিতিতে ওই শিশুর লাশ উত্তোলন করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকার শাহজাহানের দেড় বছর বয়সী ছেলে আরব বাড়ির পাশের ছোট জলাশয়ের পানিতে ডুবে মারা যায়। ওই দিনই সামাজিকভাবে তার দাফন সম্পন্ন করা হয়। দাফনের পর ওই শিশুর মা আনোয়ারা বেগমের সন্দেহ হয় তার ছেলেকে হত্যা করা হয়েছে। পরে বৃহস্পতিবার তেঁতুলিয়া থানায় শিশুটির বিমাতার ওপর সন্দেহ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে। পরে আদালতের মাধ্যমে শিশুটির লাশ ময়নাতদন্তের দাবি জানায় পুলিশ। আদালতের নির্দেশে মৃত্যুর ৫ দিন পর রোববার শিশুটির লাশ উত্তোলন করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, আইনগত জটিলতা এড়াতে আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য শিশুটির লাশ উত্তোলন করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/বিএএফ