টাঙ্গাইলের সখীপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ অবস্থায় একই পরিবারের ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তণখোলা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে রান্না করা খিচুড়ি খাওয়ার পর সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ (৫৫), তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫), ছেলের বউ ববিতা আক্তার (৩০) এবং তার মেয়ে সিনথিয়া আাক্তার (৩) পর্যায়ক্রমে অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে আব্দুল আজিজের বড় ভাই আকবর আলী তাদেরকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আকবর আলী জানান, ‘বাড়ি লুট করার উদ্দেশ্যে রান্না ঘরে থাকা খাবারে কেউ নেশা জাতীয় দ্রব্য মিশিয়েছিল। যা খেয়ে তারা একে একে সবাই অজ্ঞান হয়ে পড়েন।’
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহীনুর আলম বলেন, ‘খাদ্যে বিষাক্ত কিছু মেশানোর কারণে তাদের এ অবস্থা হতে পারে। ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ইত্তেফাক/বিএএফ